শনিবার, ২২ আগস্ট, ২০২০

জন্মদিন নিয়ে এলোমেলো কিছু কথা।




এক।

আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীতে, যেখানে আমার শুরু। আমার মুখের ভাঙ্গা, ভাঙ্গা কথা আর একটু হাসিতে তৃপ্ত হত সবাই। আমাকে নিয়ে কতই না স্বপ্নের জন্ম হয়েছিল তখন!

দুই।

আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্মদিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।

তিন।

জন্মানোর তারিখটা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয়। এবং দিনটাকে একান্তই নিজের মনে হয়! আসলে ডাইরির পাতা শেষ তো!

চার।

জন্মদিন মানে জীবন থেকে একটি বছর ঝড়ে যাওয়া। পৃথিবীর থেকে একটি বছর কমে যাওয়া। মৃত্যুর আরো কাছে চলে যাওয়া

পাঁচ।

জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না!

ছয়।

জন্ম দিন পৃথিবীর সবার কাছে শ্রেষ্ঠ একটা দিন। জন্মদিন এমন একটা দিন যে দিনটাকে শুধু নিজের মনে হয়। যদিও এই দিনে পৃথিবীর প্রায় এক কোটি মানুষের জন্মদিন।

সাত।

জন্মদিনে আমরা সাধারণত যার জন্মদিন তাকেই শুধু শুভেচ্ছা জানাই, কিন্তু আমার মতে যাদের কারনে এবং ত্যাগের মাধ্যমে এমন সুন্দর পৃথিবীতে এসেছি তাদের অর্থাৎ বাবা মাকেও শুভেচ্ছা জানানো উচিত।

আট।

পৃথিবীর অদ্ভুত নিয়ম। এখানে এসেই কাঁদতে হবে। না কাঁদলে অন্যরা কাঁদবে। আমি কেঁদে সবার মুখের হাঁসি এনেছিলাম। বাকি জীবনও নিজে কেঁদে সবাইকে হাঁসি-খুুশি দিয়ে যাবো।

নয়।

এখন আর জন্মদিন আনন্দের মনে হয় না। উইশ আসতে থাকে একের পর এক। আর আমি ভাবি জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেলো। বুড়ো হবার সকল উপসর্গ দেখা দিতে থাকে একের পর এক। আর প্রতিবছর আমার জন্মদিন আমাকে মনে করিয়ে দেয়, কাউন্ট ডাউন শুরু হয়েছে। কবে শেষ আমি তার কিছুই জানি না।

দশ।

জন্ম ব্যাপারটাকে যত খুশির বলে মনে করা হয়, আসলে তা তেমন খুশির নয়। জন্ম হওয়া মানে মৃত্যু ফলে বিজ বোনা। আর মৃত্যুর কথা স্মরণ হলেই মন খারপ হয়ে যায়। এই বুঝি আজরাইল হাজির হইল। খালি ভয়। অবশ্য আল্লাহ ও তার রাসূল (সা) মৃত্যুকে স্মরণ করতে বলেছেন বেশী বেশী। এতে মন নরম হয়। জগতের প্রতি মোহ থাকে না।

এগারো।

আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক, বিচিত্র এই জীবনে, বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে। আমার কথা তো কাল সকলেই ভুলে যাবে! তাতে আমার কোন আফসোস নেই, নেই কোন অভিযোগ। আমি সুধু ক্ষমাপ্রার্থী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।


    বুধবার, ৫ আগস্ট, ২০২০

    সুবিচার ও আইনের শাসন

     
    আশরাফ আলী সুমন
     
    আল কুরআনে আল্লাহ বলেন,
    "আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার ও ইহসানের নির্দেশ দিচ্ছেন"।
    নবীজী (সাঃ)র উপস্হিতিতে বিচার বিভাগের সর্বোচ্চ আসনে নবী ছাড়া আর কারো আসীন হওয়ার প্রশ্নই উঠেনা। তাই মদীনা রাষ্ট্রের প্রধান বিচারপতি ও ছিলেন মুহাম্মাদ (সাঃ)।

    রাসূলুল্লাহর (সাঃ) সময়ে মাঝে মধ্যে বিচার ফয়সালার দায়িত্ব পালন করেছেন আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ), উসমান (রাযিঃ), আলী (রাযিঃ), আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ), উবাই ইবনে কাব (রাযিঃ), এবং মুয়ায ইবনে জাবাল (রাযিঃ)।

    আল্লাহর রাসূল (সাঃ) বাযান ইবনে সামানকে ইয়েমেনে, মুহাজির ইবনে উমাইয়াকে কিন্দা ও ফাদাক এলাকায়, যিয়াদ ইবনে লবীদুল আনসারীকে হাজরামাউতে, আবু মুসা আলআশোয়ারীকে যুবায়দ, যামআ ও আদন অঞ্চলে, মুয়ায ইবনে জাবালকে জুন্দে, আমর ইবনে হামযাকে নাজরানে, ইয়াজিদ ইবনে সুফিয়ানকে তাইমায়, ইত্তাব ইবনে উসাইদকে মক্কায়, আমর ইবনুল আসকে আম্মানে এবং আলা ইবনে হাদরামীকে বাহরাইনে গভর্ণর নিযুক্ত করেন। আইন শৃঙ্খলা সংরক্ষণের সাথে সাথে তারাঁ বিচার ফায়সালাও করতেন।

    আবু বকরের (রাযিঃ) শাসনকালে তিনি নিজেই ছিলেন প্রধান বিচারপতি এবং বিভিন্ন অঞ্চলে নিযুক্ত গভর্ণরগণ বিচার ফায়সালায়দর দায়িত্বও পালন করতেন। তারঁ শাসনকালে ইসলামী রাষ্ট্র ব্যবস্হা উপড়িয়ে ফেলার ডেই ভয়াবহ ঘূর্ণি সৃষ্টি হয়েছিলো তার মুকাবেলায় তাঁকে অনেক সময় খরচ করতে হয়। তদুপরি তাঁর শাসনকালই ছিলো মাত্র দু'বছর তিন মাস। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচারের জন্য বিকল্প কোন ব্যবস্হা গড়ে তোলার সুযোগ তিনি পাননি। কিন্তু উন্নত মানের ব্যক্তিদের হাতে প্রশাসন ও বিচারের দায়িত্ব ন্যস্ত থাকার সুবিচার বিন্দুমাত্রও বিঘ্নিত হয়নি।

    উমর (রাযিঃ) তাঁর শাসনকালের উক্ত ব্যবস্হাই বহাল রাখেন।শিগগির তিনি উপলব্ধি করেন যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করে ফেলাই উত্তম।
    তিনি বিভিন্ন অঞ্চলে  বিচারক নিযুক্ত করে তাঁদের জন্যে যেই ফরমান পাঠান তার সারসংক্ষেপ নিম্নরূপঃ
    ১. বিচারক সব মানুষের সাথে সমান ব্যবহার করবেন।
    ২.সাক্ষ্য প্রমাণের দায়িত্ব সাধারণতঃ বাদীর উপর।
    ৩.বিবাদীর যদি কোন প্রকার সাফাই বা প্রমাণ না থাকে তবেতাকে শপথ করতে হবে।
    ৪.উভয় পক্ষ সর্বাবস্থায় আপোষ-নিষ্পত্তি করতে পারবে। কবে আইণের বিরোধী ব্যাপারে আপোষ হকে পারবে না।
    ৫.মুকাদ্দমা ফায়সালা করার পর বিচারক ইচ্ছে করলে তা পুন বিবেচনা করতে পারবেন।
    ৬. মুকাদ্দমা শুনানীর জন্যে নির্দিষ্ট তারিখ হওয়া প্রয়োজন। 
    ৭. নির্দিষ্ট তারিখে যদি বিবাদী হাজির না হয়, তবে এক তরফা ডিক্রি হবে।
    ৮. প্রত্যেক মুসলিমের সাক্ষ্যই গ্রহণযোগ্য, তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি বা মিথ্যা সাক্ষ্যদানকারীর সাক্ষ্য গৃহীত হবেনা।
    বিচারক সম্পর্কে আলী (রাযিঃ) যেই সব অতিরিক্ত নীতি নির্ধারণ করেন সেগুলো হচ্ছেঃ
    ১. সমস্যার জটিলতা কিংবা সংখ্যার আধিক্যের কারণে তাদের কখনোই মিজাজের ভারসাম্য হারানো উচিত নয়।
    ২. যখন তারা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে প্রদত্ত রায় ভুল হয়েছে তা সংশোধন করা কিংবা সেই রায় বদলে দেয়া তাদের পক্ষে মোটেও মর্যাদাহানিকর ভাবা উচিত নয়।
    ৩. তারা লোভী, দুর্নীতি পরায়ণ ও চরিত্রহীন হতে পারবে না।
    ৪. যতক্ষণ পর্যন্ত না একটা অভিযোগের এদিকও সেদিক আগাগোড়া যাচাই করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের নিশ্চিত হওয়া অনুচিত,যখন অস্পষ্টতা ও দ্বন্দ্ব দেখা দেয় তখন আরো বিস্তৃত অনুসন্ধান চালিয়ে বিষয়গুলো স্পষ্ট করে নিয়ে তার পর রায় দিতে হবে।
    ৫. তাদের অবশ্যই যুক্তি প্রমাণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে এবং তাদেন কখনোই মামলাকারীর দীর্ঘ কৈফিয়াত শুনানোর ব্যাপারে অধৈর্য হলে চরবে না। বিশদ বিবরণের সূক্ষ নিরীক্ষণে এবং বিষয়বস্তু বিশ্লেষণের মাধ্যমে মিথ্যা থেকে সত্যে উপনীত হবার কাজে অবশ্যই ধীরস্হির এবং অধ্যবসায়ী হতে হবে। আর এভাবে যখন সত্য আবিষ্কৃত হবে তখন তাদের নির্ভয়ে রায় প্রকাশ করে বিবাদের ইতি টানতে হবে।
    ৬. যাদের প্রশংসা করা হলে আত্মদর্পী হয়ে ওঠে, যারা তোষামোদে গলে যায়, এবং চাটুকারিতা ও প্ররোচনায় বিপথগামী হয় তাদের মধ্যে কেউ বিচারক হওয়া উচিত নয়।

    ইসলাম আইনের শাসনে বিশ্বাসী।  আর আইনের চোখে সবাই সমান। আল্লাহর রাসূলের (সাঃ) শাসনকালে ফাতিসা নাম্মী এক উচ্চবংশীয় মহিলা চুরির অপরাধে গ্রেফতার হয়। উচ্চবংশীয়া হওয়ার কারণে কেউ কেউ তার লঘু শাস্তির কথা বলছিলো। রাসূল (সাঃ) ঘোষণা করলেন, "আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি এই অপরাধ করতো, তাকে শাস্তি থেকে রেহাই দেয়া হতোনা।"

    একদিন আমীরুল মুমিনীন উমর  (রাযিঃ) এবং উবাই ইবনে কাবের (রাযিঃ) মধ্যে কোন এক বিষয়ে বিবাদ  ঘটে। উবাই মদীনার বিচারক যায়িদ ইবনে সাবিতের নিকট মুকাদ্দামা দায়ের করেন। সমন পেয়ে উমর (রাযিঃ) আদালতে হাজির হন। একজন সাধারণ আসামীর মতোই আচরণ করা হয় তাঁর সঙ্গে।

    রোমান সাম্রাজ্যের অন্যতম প্রদেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে খৃষ্টান আরবদের বসতি ছিলো। এই অঞ্চলের যুবরাজ জাবালা সেনাপতি আবু আরবদের বসতি ছিলো। এই অঞ্চলের যুবরাজ জাবালা সেনাপতি আবু উবায়দার নিকট ইসলাম গ্রহন করে মদীনায় আসেন। উমর (রাযিঃ) তাঁকে নিয়ে হজ্জ্ব করতে মক্কায় যান। ভীড়ের চাপে ক্রীতদাস জাবালার দামী পোশাকের কিয়দংশ পদদলিত করে। জাবালা গালে চড় বসিয়ে দেয়। যথাক্রমে ক্রীতদাস উমরের (রাযিঃ) নিকট নালিশ করে। উমর (রাযিঃ) জাবালাকে ডেকে সব কথা শুনে রায় দেন "হয় ক্রীতদাসকে আপনার গালে অনুরুপ একটি চড় মারতে দিন, নয়তো তাকে ক্ষতিপূরণ দিন।"

    মিসরের গভর্ণর আমর ইবনুল আসের (রাযিঃ) পুত্র কপ্ট সম্প্রদায়ের এক ছেলের গালে চড় লাগায়। বিচার চাওয়া হয় উমরের (রাযিঃ) নিকট। তিনি নির্দেশ দিরেন কপ্ট ছেলেটি গভর্ণরের ছেলের গালে অনুরুপ চড় লাগাবে। কেউ কেউ আপত্তি তোলে। উমার (রাযিঃ) বলেন " কতকাল তোমরা মানুষকে গোলাম করে রাখতে চাও? তাতের মায়েরা তো তাদেরকে স্বাধীন মানুষরুপে জন্ম দিয়েছে।"

    আলীর (রাযিঃ) শাসনকালে তাঁর একটি হারিয়ে যাওয়া বর্ম এক ইয়াহুদীর কাছে পাওয়া যায়। আলী (রাযিঃ) বিচারকের দ্বারস্হ হন। পুত্র ও গোলাম ছাড়া অন্য কোন সাক্ষী হাজির করতে না পারায় বিচারক মামলা খারিজ করে দেন।

    খুলাফায়ে রাশিদীন নিজেদেরকে আইনের উর্ধে মনে করতেন না। বিচারক নিযুক্ত করার দায়িত্ব পালন করতেন রাষ্ট্রপ্রধান। কিন্তু বিচারকগণ ইনসাফের দাবী অনুযায়ী রাষ্ট্র-প্রধানের বিরুদ্ধে নিঃসংকোচ রায় প্রদানের স্বাধীনতা ভোগ করতেন।
    রাসূলুল্লাহর (সাঃ) সময়ে সাতন্ত্র পুলিশ বাহিনী ছিলো না। তবে অপরাধীকে ধরে আনার দায়িত্ব পালন করতেন কায়েস ইবনে সাদ (রাযিঃ)। আর মৃত্যুদন্ড প্রাপ্ত অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতেন যুবাইর ইবনুল আওয়াম (রাযিঃ), আলী ইবনে আবী তালিব (রাযিঃ), মিকদাদ ইবনে আসওয়াদ (রাযিঃ), মুহাম্মাদ ইবনে মাসলামা (রাযিঃ), আসিম ইবনে সাবিত (রাযিঃ) এবং যাহহাক ইবনে সুফিয়ান কিলাবী  (রাযিঃ)।

    আবু বকরের (রাযিঃ) শাসনকালেও স্বতন্ত্র পুলিশ বাহিনী গড়ে উঠেনি। উমরের (রাযিঃ) শাসনকালে পুলিশ বাহিনী গড়ে উঠে। আলীর (রাযিঃ) শাসনকালে পুলিশ বাহিনীর নাম হয় শুরতাহ এবং এই বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো সাহিবুশশুরতাহ।
    বাজার পরিদর্শন, ওজন ও মাপ নিয়ন্ত্রণ এবং অপরাধ দমন এই বিভাগের কাজের অন্তর্ভুক্ত ছিলো।

    তথ্যসূত্র-
    সীরাতুন নবী।
    আল ফারুক।
    হযরত আলী।
    শাসক ওমর ফারুক।

    পান -কাহিনি


    পান-কাহিনি
    -------------------

    মূল: আতীক উল্লাহ

    সংযোজন-সংশোধন: আশরাফ আলী সুমন

    এক.
    পান খাওয়া একটা আর্ট। উপমহাদেশের গরিবের বিলাসী আয়েশ। বনেদি বড়লোকদের কারও কারও মধ্যেও পানবিলাস আছে। আমাদের জাতীয় কবিকে একবাটা পান দিয়ে বসিয়ে দিলে আর দেখতে হতো না! পানের রসের সাথে সাথে থাকত গানের পর গান। 'হিজ মাস্টার্স ভয়েস' এভাবে তার কাছ থেকে বহু গান বাগিয়ে নিয়েছে।

    ★★★

    পান খাওয়া কাকে বেশি মানায়? নারী না পুরুষকে? আমরা একবার বিষয়টা নিয়ে ঘরোয়া বিতর্কের আয়োজন করেছিলাম। বেশ মজার এক বির্তক হয়েছিল। অদ্ভুত সুন্দর সুন্দর সব যুক্তি উঠে এসেছিল পক্ষে-বিপক্ষে। শেষ দিকে অবশ্য পানের চেয়ে লাল ঠোঁট নিয়েই বির্তক বেশি জমে উঠেছিল।

    দুই.
    এশার পর পুরো কামরা সুনসান। সবই পড়ছে। কেউ কেউ গুনগুন করে বন্ধুর সাথে কথা বলছে। সবাই নিচু গ্রামেই আওয়াজ করছে। পরদিন সুল্লামুল উলূম কিতাবের কঠিন পড়ায় মগ্ন। জাঁদরেল ডাকসাইটে বাঘ 'আইয়ুব সাহেব হুযুর' এর পড়া শিখছি। সামনের পড়াটাও ঠিক করে রাখছি। পড়া না পারলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবেন। তটস্থ অবস্হা। রাতের মধ্যেই পড়াটা 'পেড়ে' ফেলতে হবে। পাশাপাশি কানটাও খোলা। কিছু একটার জন্য তৃষ্ণার্ত-চাতক-প্রতীক্ষা। উৎকর্ণ। দশটার কিছু আগেই সাধারণত ঘটনাটা ঘটে।

    ★★★

    সময়ের খুব বেশি হেরফের ঘটে না। আজও ঘটল না। ঘড়ির কাঁটা তখন ন'টা পঁয়তাল্লিশের ঘর পেরিয়েছে। দরজা খুলে গেল, সাথে সাথে গুঞ্জরিত হলো,

    পান খায়ে সাঁইয়া হামারো
    সম্ভালি সূরতিয়া হোঁট লাল লাল
    হায় হায় মলমল কা কুর্তা
    মলমল কে কুর্তে পে ছিট লাল লাল!

    আমাদের কামরার মুহাম্মদ রফি ছিল খুরশিদ (ছদ্মনাম অবশ্যই)। মায়ানমারের রসিক পানসেবী। জীবনে বহু পানখোর দেখেছি, লেকিন ওইসা কভি নেহি!। মানুষ তো পান খায়। আমাদের মনে হতো খুরশিদ পান নয়, যেন মান্না-সালওয়া খাচ্ছে। সবাই পিচিক করে পানের পিক ফেলে দেয়, সে ফেলতো না। কার সোজাসাপ্টা বক্তব্য:
    -পিক ফেলব তো পান খাওয়া কেন? পিক না গিললে কি নেশা জমে? পানের পিক হলো  শরাবান তাহুরা। বলবাড়িষ্ঠাসিক সালসা!

    সে পান তো খেতই, সাথে সাথে পানবিষয়ক অসংখ্য গান-কবিতা, শের-আশআরও মুখস্হ করেছিল। আড্ডায় বসলে সে তার 'পানবাহার' খুলে বসত। তার বেশি প্রিয় ছিল 'পান খায়ী'টা। প্রতিদিনই দিনের শেষে খিলি মুখে দিয়ে পানের জারক রসে আপ্লুত হয়ে সুর ভাঁজতে ভাঁজতে রুমে ফিরত। প্রতিটি লাইনকে সে আলাদা গুরুত্ব দিয়ে গাইত। ছুটির দিনে মন ভালো থাকলে সে নাচসহই পরিবেশন করত। ঠিক যেন 'জীবন্ত পুরুষ ওয়াহিদা রেহমান'। তার কাণ্ডকারখানা দেখে আমরা হাসতে হাসতে এ ওর গায়ে ভেঙে পড়তাম। খুরশিদ নির্বিকার। নেচে গেয়ে 'পান-উপাসনা'করছে!
    তৃতীয় লাইনটাকে একটু এদিক-সেদিক তরে গাইত,
    হায় হায় টেট্রন কা কুর্তা
    টেট্রন কে কুর্তে পে ছিট লাল লাল
    খুরশিদ সস্তা টেট্রন-পলিস্তারের 'কুর্তা' গায়ে দিত। বক্তব্যের সাথে মিলিয়ে কুর্তার ওপর কিছুটা পিকের লাল ছিটাও ছিটিয়ে দিত। গাওয়ার সময় পুরো মুদ্রার ভঙ্গিতে বুঝিয়ে দিত কীভাবে পান বানাতে হয়। নাচটা শিখেছিল সে 'আরেকজন'কে দেখে দেখে!

    রাত দশটায় হোস্টেলের দরজা বন্ধ হয়ে যেত। আর বেরুবার উপায় ছিল না। আগে জানতাম মদের নেশা চাপে। হিরোইনের নেশা চাপে। কিন্তু পানেরও যে দুর্দম দুর্নিবার নেশা চাপে সেটা জানা ছিল না। সেই প্রথম দেখলাম।

    ★★★

    এক গভীর রাতে খুরশিদের পানের 'টক' উঠল। এখন উপায়? চুপি চুপি পাশের জনকে ডেকে তুলল। সেও খুরশিদের পান-স্যাঙাত। তার কাছে তালিম নিচ্ছে পান-উপাসনার। তার এখন 'জর্দাচেনা' পর্ব চলছে। কোন জর্দার কী নাম। কেমন স্বাদ।
    তাদের দুজনের অনুচ্চ ফিসফিসও নিঝুম রাতে সুউচ্চ হয়ে কানের সোনার সিস্টেম ধরা পড়ল। চোখ খুলতেই দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে দুজন কথা বলছে। ব্যাপারটা সন্দেহজনক। আলগোছে ছিটকিনি খুলে বাইরে গেল। গোয়েন্দা মন টিকটিক করে উঠল। চোখ ঠেরে বলল:
    -ওনে! তাড়াতড়ি পিছু নে, না হলে কিছু একটা মিস করে ফেলবি।
    তড়াক করে উঠেই চুপিচপি পিছু নিলাম। ওরা দুজন চলতে চলতে মাদরাসারপূর্ব কোণের সীমানা দেয়াল ঘেঁষে দাঁড়াল। দূর থেকে তাদের ভাবগতি বুঝতে পারছিলাম না। একটা নারকেল গাছ আছে দেয়ালের কাছটিতে। খুরশিদ প্রথমে ওটার চড়তে শুরু করল। আচ্ছা! নারকেল চুরি হচ্ছে! না, এবার স্যাঙাতও চড়তে শুরু করল। গাছ থেকে টপকে দেয়ালের ওপাশে নামল। মাদরাসার বাইরে। কিছুক্ষণ বোবার মতো দাঁড়িয়েথেকে ফিরে এলাম। দেয়াল টপকানোর সাহস হলো না। ফজরে উঠে দেখলাম দুই পানসাধক তখনো লাপাত্তা। ব্যাপার কী? রাতে ফিরতে পারেনি? নাকি দেয়াল টপকাতে গিয়ে বেঘোরে হাত-পা ভেঙেছ!

    নামায পড়ে বের হলাম। শাহী গেইটের কাছে বড়সড় জটলা। কাছে গেলাম। শুনলাম রাতে দুজন চোর  ধরা পড়েছে। মাদরাসার কয়েদখানায় আটকে রাখা হয়েছে। বুকটা ছ্যাঁৎ করে উঠল, ওরা নয় তো! কাছে গিয়ে দেখি, অনুমান সত্যি! খুরশিদ কয়েদখানায় বসে তখনো নির্বিকারচিত্তে পান চিবুচ্ছে। আর পান-স্যাঙাত বেজার মুখে বসে আছে।

    আমরা কামরার সবাই গিয়ে অনেক বলে-কয়ে ছাড়িয়ে নিয়ে এলাম। কামরায় এসেই চেপে ধরলাম,
    -পানগুরু! ঝেড়ে কাশো দেখি চাঁদু!
    -আর বলিন না! রাথে ভীষণ পানের টক উঠল। প্রতিরাতে বাড়তি কয়েক খিলিব প্যাকেট করে নিয়ে আসি। কাল আনা হয়নি। বাইরে গেলাম পান খেতে। দুঃসাহসীক অভিযান। রেলস্টেশনে গেলাম। দোকান বন্ধ। ডাকবাংলা গেলাম, সব বন্ধ। থানার দুয়ারে গেলাম। মদীনা হোটেলের সামনের দোকানটাও তখন প্রায় বন্ধ হবে হবে করছে। দৌগে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম। ওখানে দাঁড়িয়েই ডাবলখিলি সাঁটালাম। দশ খিলি বাড়তি পকেটে পুরে রওনা দিলাম।

    সব ভালোয় ভালোয় কেটে গেল। আমি গাছ বেয়ে উপরে উঠে গেছি, শিষ্য তখনো ওপারে। টেনে তুললাম। লাফ দিয়ে নামলাম। ওটাই ভুল হয়ে গেছে। দুপ করে আওয়াজ হলো। ভাগ্য খারাপ। দারোয়ান তোতা মিঞা তখন ওই এলাকায় টহল দিচ্ছিল। আওয়াজ শুনে তিন ব্যাটারি লাইট মারল। আর যায় কোথায়! আমি দৌড়ে পালাতে পারতাম। কিন্তু শিষ্যটা আলোর ঝলকানিতে বিমূঢ় হয়ে পড়ল। কী আর করা, ওর জন্যে আমিও আটকা পড়লাম।
    আহাঁ! হামনে মাঙায়ী সুরমেদানী
    লে আয়ি জালিম বেনারস কা জর্দা!
    একরাত কারাবাস করে আমাদের 'পানগাজী' আরও পান-রসিক হয়ে উঠল। প্রতি রাতেই তার সুর ঝংকৃত হতো,
    =পান খায়ে সাঁইয়া হামারো....

    ★★★

    এ তো গেল একদিনের ঘটনা। পান নিয়ে এমন হাজারো পানাহার আছে। পান-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খুরশিদের কিছু গবেষণা আছে।
    (ক) কোন পান বেশি মিষ্টি, গোড়ার, মধ্যের নাকি আগার? কোন এলাকার পান, মহেশখালী নাকি অন্য কোন জায়গার পান বেশি মিষ্টি?
    (খ) সুপুরির প্রকার নিয়েও আছে। পানিতে মদানো-গ্যাঁজানো সুপুরির স্বাদ বেশি নাকি শুকনোটার? শুকনোটারমধ্যেও সেদ্ধ করা সুপুরি নাকি সাধারণটা?
    (গ) পানের পিক ফেলা হবে কি না, ফেললে ক'বার?
    (ঘ) দিনে কয় খিলি মারতে হবে? কতক্ষণ পর পর?
    (ঙ) কীভাবে পান খেলে ঠোঁট বেশি লাল হবে?
    (চ) পান খাইয়ে কীভাবে 'ইয়ে'-কে বশ করা যায়! এটা ছিল খুরশিদ'স এক্সক্লুসিভ ওয়ান!

    পানবিষয়ক আরও কিছু 'অফ দ্য রেকর্ড' বিষয় খুরশিদের ট্যাঁকে ছিল। বিশেষ বিশেষ মুহুর্তে বের হতো সেগুলো। দুর্লভ মুক্তোর মতো। মাদরাসা ছুটির আগের রাতের আড্ডায়, পরীক্ষার শেষদিন বিকেলেই সাধারণত তার কাছ থেকে আমরা এসব দক্ষিণা পেতাম।

    এমনিতেই মাদরাসাজীবনে আমাদের আনন্দের উপকরণের কোনো অভাব ছিল না। তার ওপর খুরশিদের মতো যদি জীবন্ত 'পান খায়ে সাঁইয়া'-ধর্মী আনন্দ-বোমা সাথে থাকে, আর কিছু লাগে!

    ★★★

    খুরশিদের রেওয়ায়েত করা একটা পান-ঘটনা বলে শেষ করি।
    -(ওয়া বিহি ক্বালা হাদ্দাসানা খুরশিদ): আমাদের এক পাড়াতো ভাইয়ের বিয়ে। দাওয়াত পেলাম। পান পরিবেশনের দায়িত্বটাও যথারীতি আমার কাঁধেই বর্তায়। সব কাজ শেষ। দুলাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে। আমরা ভীষণ উত্তেজিত। এখনকার বোকাসোকা বরগুলো তো বাসরে যাওয়ার আগে 'রেড বুল' খায়। ভাবে তারাও 'বুল' হয়ে উঠবে! যত্তসব রাবিশ! আরে, ভালো করে একখিলি পান খেয়ে যা! আর কিছুই লাগবে না। এতেই 'বুল' বাবা ফুল হয়ে উঠবে। বদ্দাকে বললাম: 
    -খুইল্যা (সেজো ভাই)! একদম নিশ্চিত থাকুন। এক খিলি বিশেষ ফর্মুলায় পান বানিয়ে দিচ্ছি! দেখবেন কোন ফাঁকে রাত কেটে গেছে টেরও পাবেন না।
    -ঠিক আছে দে!
    আমর্ পান খাইয়ে বদ্দাকে ঠেলে ঠেসে 'সোহাগরাত'-রুমে ঢুকিয়ে দিয়ে এলাম। বদ্দা লাল ঠোঁটে, চকচকে চোখে চলে গেলেন। আমরা হঠাৎ একা হয়ে গেলাম। পাঁচ মিনিটও যায়নি, ভেতর বাড়ি থেকে হইচই শোনা গেল। কী হলো! কী হলো! দৌড়ে গেলাম। দুলা নাকি বেহুশ হয়ে গেছে। প্রথমে মাথা চক্কর দিয়েছিল, বড় বড় ঢেকুর উঠতে শুরু করেছিল। একপর্যায়ে বমি করে নেতিয়ে পড়েছে। দেখলাম, বেহুশ হয়নি।অর্ধচেতন অবস্হায় পৌঁছে গিয়েছিল। আসলে পানটা উত্তেজনার মধ্যে হজম করতে পারেনি। নতুন বউ অল্প সময়েই স্বামীর প্রেমে কুঁইকুঁই করে কাঁদছে। বর উঠল:
    -দুলাকে পান কে খাইয়েছে?
    -খুরশিদ্যে!
    খুইশ্যা হডে, ইতেরে দরি আন!
    দেখলাম, অবস্হা বেগতিক। এক দৌড়ে পালিয়ে এলাম। একমাস আর বাড়িমুখো হইনি। পান-চিকিৎসা বন্ধ!

    ★★★

    একটা পানীয় বাণী পড়ে বিদায় নিই:
    -পান আর নারীতে কোনো পার্থক্য নেই। পান কোমল, নারীও কোমল। পান বরজের মধ্যে মাচানের আড়ালে থাকে, নারীও পর্দার মধ্যে থাকে। এর ব্যতিক্রম হলে পান সূর্যের আলোয় নষ্ট হয়ে যায়, পর্দাহীন নারীও পুরুষের কুদৃষ্টিতে নষ্ট হয়ে পড়ে বা পুরুষকে নষ্ট হতে সহায়তা করে। এছাৃড়াও পান আর নারীর মধ্যে বড় একটা মিল আছে....(সেন্সরড)।
    (আও কামা কালা...)। -বিশিষ্ট পান-দার্শনিক খুরশিদ।

    বুধবার, ৬ মে, ২০২০

    একটি ভুল ভাবনা | রোযা কি অনাহার যাপন?

    রোযা কি অনাহার যাপন?

    রমযানের রোযার ব্যাপারে কারও কারও মন্তব্য শুনে মনে হয়, তারা যেন রোযাকে শুধুই একটি অনাহার যাপনের সাধনা মনে করে। ইসলামের রোযা যেন অন্যান্য ধর্মের সাধনার মতো শুধু একটি সাধনা। মনে রাখবেন, এ ভাবনা নিতান্তই ভুল। রোযা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত,  তাতে অনেক  হেকমত ও তাৎপর্য নিহিত রয়েছে।

    রোযার সুনির্দিষ্ট নিয়মনীতি, মাসায়েল ও পদ্ধতি ইসলামে নির্দেশিত রয়েছ,  যা আমরা খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মাদ মুস্তফা (সাঃ)  থেকে আল্লাহর ওহীর মাধ্যমে পেয়েছি।  রোযার সবচেয়ে গুরুত্বপূর্ণ হেকমত বা রহস্য হল তাকওয়া ও অন্তরের পবিত্রতা অর্জন করা। যেমন- সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলা হয়েছে।

    পক্ষান্তরে অনৈসলামী সাধনা বা অনাহার যাপনের মূল উদ্দেশ্য হল শুধু রুহ বা আত্মার শক্তি অর্জন করা, অন্তরের পবিত্রতা বা তাকওয়া অর্জনের সঙ্গে যার সামান্যতম সম্পর্কও নেই। উপরন্তু তাদের সে সাধনা সম্পূর্ণ মনগড়া এবং ইবাদতের সঙ্গে তার সামান্যতম  সম্পর্কও নেই। সুতরাং ইসলামী রোযাকে বিজাতিদের মাঝে প্রচলিত সাধনার মতো একটি সাধনা মনে করা চরম মূর্খতা, যা থেকে তাওবা করা ফরয।

    সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

    রমাদান নাম করণের কারণ

    রমাদান (رمضان) শব্দটা ‘রমাদ’ (رمض) থেকে এসেছে যার অর্থ প্রচন্ড খরতাপে উত্তপ্ত হওয়া, দগ্ধ হওয়া বা পুড়ে যাওয়া। আরব’দের ভাষায় রমাদানে তাদের বকরীগুলো উত্তপ্ত সূর্যের নিচে ঘাস খেয়ে চড়িয়ে বেড়ানোর সময় প্রায়শই তাদের শরীর পুড়ে যেতো।
    .
    ইমাম কুরতুবী (রহ.) বলেন, “এই মাসের নাম করণ করা হয়েছে রমাদান কারণ এটি বান্দার গুনাহ সমূহকে নেক আমল দ্বারা পুড়িয়ে ফেলে।” [তফসীরে আল কুরতুবী, ২/২৭১]
    .
    ‘রমাদান’ — মুমিনদের জন্য রহমত, একটি সুবর্ণ সুযোগ অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার। পুরো রমাদানে বান্দার সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তা’লার পক্ষ থেকে তাঁর ক্ষমা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দার এই প্রাপ্তিকে দাস মুক্তি পাওয়ার সাথে তুলনা করেছেন। দাস একবার মুক্ত করে দিলে তা আর ফিরিয়ে নেয়া যায়না। আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা একবার যদি তাঁর বান্দাকে ক্ষমা করে দেন তবে তিনি কি করে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহু আকবার!
    .
    আগামী রমাদান পর্যন্ত আমাদের অনেকেই হয়তোবা বেঁচে থাকবেনা। এই রমাদানে অনেকেই আর বেঁচে নেই যেমনটা ছিলেন গত রমাদানে। আমরা প্রত্যেক মুমিন বান্দারা এই রমাদানকে-ই আমাদের জীবনের শেষ রামাদান এবং গুনাহ মাফ করিয়ে নেওয়ার শেষ সুযোগ মনে করে ইবাদাতে মনযোগী হই বিইযনিল্লাহ।
    .
    বরকতময় এই মাসের শেষ রাতগুলো তে যখন আপনি শুধুই রাব্বে কারীমের সন্তুষ্টির জন্য সালাতে দাঁড়াবেন, যখন আপনার আর তাঁর সাক্ষাতের মাঝে আর কেউ থাকবেনা তখন দুআ’তে চোখ ভর্তি পানি নিয়ে তাঁর কাছে চাইবেন । মনের সমস্ত আবেগ ঢেলে দিয়ে বলবেন — হে আল্লাহ! আমার মা আমার প্রতি সবচেয়ে দয়াশীল। তিনি কখনো আমাকে কষ্ট দিবেন না, আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। হে আল্লাহ! আপনি তো আমার মায়ের চাইতেও বেশি দয়াশীল। সুতরাং আমাকে কষ্ট থেকে রক্ষা করুন, আমার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন।
    .
    হে আল্লাহ! আমি ছাড়া তো আপনার অনেক... অনেক... বান্দা আছে কিন্তু আমার তো আপনি ছাড়া আর কেউ নাই... কেউ নাই। অতএব আপনি,
    .
    আমাকে ক্ষমা করুন..
    আমাকে ক্ষমা করুন..

    আমাকে ক্ষমা করুন..

    শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

    ঈমান ভ্রাতৃত্বের দাবি

    ঈমানী ভ্রাতৃত্বের রয়েছে অনেক দাবি।...

    অভিজ্ঞতায় দেখা যায়, দীনি-দুনিয়াবি মতভেদের ক্ষেত্রে একে অপরকে উপহাস ও তাচ্ছিল্য করা, গীবত করা, মিথ্যা অপবাদ দেওয়া, কুধারণা পোষণ করা, কটূক্তি করা  খারাপ নামে বা মন্দ উপাধিতে ডাকা─ এসব বিষয়ের চর্চা হতে থাকে। লোকেরা যেন ভুলেই যায় (আমি বলি আলেমরাও তো বেমালুম ভুলে যায়) যে, কুরআন মজীদে এ বিষয়গুলোকে হারাম করা হয়েছে। প্রত্যেকের আচরণ থেকে মনে হয়, প্রতিপক্ষের ইজ্জত-আব্রু নষ্ট করা হালাল! মতভেদের কারণে তার কোনো ঈমানি অধিকার অবশিষ্ট নেই।

    অথচ এ তো শুধু মুমিনের হক নয়, সাধারণ অবস্থায় মানুষমাত্রেরই হক। একজন মানুষ অপর একজন মানুষের কাছে এই নিরাপত্তাটুকু পাওয়ার অধিকার রাখে। এমনকি যদি সে মুসলিমও না হয়।

    হায়! বিরোধ ও মতভেদের ক্ষেত্রে যদি আমরা প্রতিপক্ষকে অন্তত একজন মানুষ মনে করে তার গীবত শেকায়েত থেকে, মিথ্যা অপবাদ দেওয়া থেকে, উপহাস বিদ্রূপ করা থেকে এবং মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতাম! আল্লাহর রাসূলের সুন্নাহয় তো জীবজন্তু, এমনকি জড় বস্তুরও হক বর্ণিত হয়েছে। তো মতভেদকারী আর কিছু না হোক একজন প্রাণি তো বটে!!...

    হাদীসে যে হকগুলো বলা হয়েছে তা মুসলমানদের সাধারণ হক। তা পাওয়ার জন্য মুমিন ও মুসলিম হওয়া ছাড়া আর কোনো শর্ত নেই। সুতরাং দুজন মুসলিমের মাঝে বা দুইদল মুসলমানের মাঝে কোনো দীনি বা দুনিয়াবি বিষয়ে মতভেদ হলে সেখানেও এসব হক রক্ষা করতে হবে এবং শরীআতের এসব বিধান মেনে চলতে হবে।

    কোনো হাদীসে বলা হয় নি যে, দুই মুসলিমের মাঝে মতভেদ হলে তখন আর এসব হক রক্ষা করতে হবে না। বরং সেটিই তো আসল ক্ষেত্র হকগুলো রক্ষা করার। সাধারণত মতপার্থক্য দেখা দিলেই এ হকগুলো বিনষ্ট করা হয়। সুতরাং ওই ক্ষেত্রেই যদি সকলে তা রক্ষায় সতর্ক না হয় তাহলে আর সুন্নাহর অনুসরণ ও হাদীস মোতাবেক আমলের কী অর্থ থাকে?

    ───────────────
    মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, উম্মাহর ঐক্য পথ ও পন্থা, পৃ. ২৩ ও ৩০।

    বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

    শবে বরাতের রোজা

    ক্যাপশন যোগ করুন

     শবে বরাত উপলক্ষে পরের দিন ১৫ তারিখ অনেকেই রোজা রাখেন। এমনিতে কেউ চাইলে মাসের ১৫ তারিখ রোজা রাখতে পারে। কেননা পনেরো তারিখ হলো ‘আইয়্যামে বীয’ এর অন্তর্ভূক্ত। সে হিসেবে যদি কেউ ১৫ তারিখ রোজা রাখে, তাহলে সমস্যা নেই। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহি. বলেন-
    وأما صيام يوم النصف منه فغير منهي عنه، فإنه من جملة أيام البيض الغر المندوب إلى صيامها من كل شهر. وقد ورد الأمر بصيامه من شعبان بخصوصه،
    অর্থাৎ, শাবান মাসের ১৫ তারিখ রোজা রাখতে নিষেধ নেই। কারণ, ১৫ তারিখ হলো ‘আইয়্যামে বীজ’ এর অন্তর্ভূক্ত। আর প্রত্যেক মাসের এ তারিখে রোজা রাখা মুস্তাহাব। এছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শাবান মাসে রোজা রাখতে বলেছেন। (লাতায়িফুল মাআরিফ পৃষ্ঠা নং, ১৮৯ দারুল হাদিস , কাহেরা।)

    কিন্তু  আমাদের দেশে বেশিরভাগ মানুষ ১৫ তারিখ রোজা রাখেন শবে বরাতের রোজা মনে করে। এ সংক্রান্ত  ‘ইবনে মাজাহ’ এর একটি রেওয়ায়াত দলিলস্বরূপ পেশ করা হয়। আলি রা. বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
    إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها . فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا . فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر
    অর্থাৎ, শাবান ১৪ তারিখ দিবাগত রাতে তোমরা নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। কেননা আল্লাহ তাআলা সে রাতের সূর্যাস্তের সময় দুনিয়ার আসমনে অবতরণ করেন এবং বলেন, আছো কি কোনো ক্ষমাপ্রার্থী? আমি তোমাকে ক্ষমা করবো। আছো কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তোমাকে রিজিক প্রদান করবো। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে সুবহে সাদিক উঁদিত হওয়া পর্যন্ত আল্লাহ তায়ালা ডাকতে থাকেন। (ইবনে মাজাহ, হাদিস নং ১৩৮৮, শায়খ ফুয়াদ আবদুল বাকী তাহকিককৃত।)

    শবে বরাতের সময় বেশিরভাগ মসজিদের মিম্বরে হাদিসটি উচ্চারিত হয়।   আলি রা. এর সূত্রে বর্ণিত এ হাদিসের উপর ভিত্তি করে অনেকেই শবে বরাত উপলক্ষে রোজা রাখেন। এজন্য হাদিসটি সম্পর্কে সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরছি।

    প্রথম কথা হলো, হাদিসটি সহিহ নয়। জয়িফ তথা দুর্বল। হাদিসের একজন বর্ণনাকারী হলো ইবনে আবি সাবরা। তার নাম হলো, আবু বকর ইবনে আবদুল্লাহ বিন আবু সাবরা আল মাদানি। ইমাম জাহাবি রহ. তার ব্যাপারে বলেনÑ
    أبو بكر بن عبد الله بن أبي سبرة ضعفه البخاري وغيره وروى عبد الله وصالح ابنا أحمد عن أبيهما قال: كان يضع الحديث، وقال النسائي: متروك وقال ابن معين ليس حديثه بشيء" اه.
    অর্থাৎ, ইমাম বুখারি রহ. এবং অন্যান্যরা তাকে যয়িফ তথা দুর্বল বলেছেন।
    আবদুল্লাহ বিন আহমদ এবং সালেহ বিন আহমদ তাদের পিতা ইমাম আহমদ বিন হাম্বল থেকে বর্ণনা করেন, তিনি বলেন, সে হাদিস জাল করতো।
    ইয়াহইয়া বিন মাঈন রহ. বলেন, তার বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। ( মিযানুল এতেদাল : ৪/৪১৪)
    এরপর ইমাম জাহাবি রহ. তার থেকে বর্ণিত মুনকার বর্ণনা সমূহের মাঝে এ হাদিস  উল্লেখ করেছেন।

     ইমাম ইবনে হিব্বান তার ব্যাপারে বলেন,
    "كان ممن يروي الموضوعات عن الأثبات لا يحل كتابة حديثه ولا الاحتجاج به بحال، كان أحمد بن حنبل يكذبه" اه.
    অর্থাৎ, সে গ্রহণযোগ্য বর্ণনাকারী থেকে জাল হাদিস  বর্ণনা করতো। তার সূত্রে বর্ণিত হাদিস  লেখা জায়েজ নেই। কোনো অবস্থাতেই তার বর্ণিত হাদিস দ্বারা দলীল দেওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল তাকে মিথ্যুক বলেছেন।

    হাফেয ইবনে হাজার আসকালানি রহ. তার সম্পর্কে বলেন,
    أبو بكر بن عبد الله بن محمد بن أبي سبرة بفتح المهملة وسكون الموحدة بن أبي رهم بن عبد العزى القرشي العامري المدني قيل اسمه عبد الله وقيل محمد وقد ينسب إلى جده رموه بالوضع وقال مصعب الزبيري: كان عالما من السابعة مات سنة اثنتين وستين ق.
    অর্থাৎ তাকে হাদিস  জাল করার অভিযোগে অভিযুক্ত করা হয়। মুসআব বলেছেন, তিনি আলেম ছিলেন। (তাকরিবুত তাহজিব, তরজমা নং  ৭৩১২)

    আলী ইবনুল মাদিনি রহ. বলেন-
    كان ضعيفا في الحديث
    অর্থাৎ হাদিস  বর্ণনার ক্ষেত্রে সে যয়ীফ তথা দুর্বল।
    তিনি অন্যত্র বলেন-
    كان منكر الحديث هو عندي مثل بن أبي يحيى
    অর্থাৎ সে আপত্তিকর বর্ণনাকারী। আমার নিকট সে ইবনে আবি ইয়াহইয়া এর মতো।
    ইমাম নাসাঈ বলেন-
    متروك الحديث
    অর্থাৎ সে হাদিস  বর্ণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।
    ইমাম ইবনে আদি রহ. বলেন-
    عامة ما يرويه غير محفوظ وهو في جملة من يضع الحديث
    অর্থাৎ তার অধিকাংশ বর্ণনা মাহফুয নয়। সে হাদিস  জালকারীদের মধ্যে অন্তর্ভূক্ত।
    ইমাম সাজী বলেন-
    عنده منا كير
    সে আপত্তিকর বর্ণনাকারী।
    হাকেম আবু আবদুল্লাহ বলেন-
    يروي الموضوعات عن الاثبات مثل هشام بن عروة وغيره
    সে গ্রহণযোগ্য বর্ণনাকারী থেকে জাল হাদিস  বর্ণনা করে। হিশাম ইবনে উরওয়া এবং অন্যদের মতো। (তাহজিবুত তাহজিব, ১২/৩২ দারুল ফিকর, বায়রুত, প্রথম সংস্করণ।) 

    ইমাম ইবনে সাদ রহ. বলেন-
    كان كثير الرحلة والسماع والرواية ولي قضاء مكة لزياد الحارثي وكان يفتي بالمدينة
    হাদিস  শুনা এবং বর্ণনা করার জন্য তিনি অনেক সফর করেছেন। তিনি মদীনায় ফতোয়া দিতেন।

     ইমাম যাহাবি রহ. বলেন-
    الفَقِيْهُ الكَبِيْرُ، قَاضِي العِرَاقِ، أَبُو بَكْرٍ بنُ عَبْدِ اللهِ بنِ مُحَمَّدِ بنِ أَبِي سَبْرَةَ بنِ أَبِي رُهْمٍ –   وَهُوَ ضَعِيْفُ الحَدِيْثِ مِنْ قِبَلِ حِفْظِه.
    অর্থাৎ তিনি উঁচু মাপের ফকীহ ছিলেন। ইরাকের বিচারক ছিলেন। স্মৃতি শক্তির কারণে তিনি হাদিস  বর্ণনার ক্ষেত্রে দুর্বল। (সিয়ারু আলামিন নুবালা : ১৩/৩৭৪, শায়খ শুয়াইব আরনাউত তাহকিককৃত)

    মোটকথা হলো- অধিকাংশ ইমামের মতে ইবনে আবি সাবরা হলেন মারাত্মক দুর্বল বর্ণনাকারী। কেউ কেউ থাকে হাদিস  জালকারীও বলেছেন। এজন্য তার বর্ণিত এ হাদিস  হলো চূড়ান্ত পর্যায়ের দুর্বল।  আল্লামা ইবনুল জাওযী রহ. ‘আল ইলালুল মুতানাহিয়াহ’ এর মধ্যে বর্ণনাটি উল্লেখ করে বলেন-
    هذا حديث لا يصح
    অর্থাৎ বর্ণনাটি সহিহ নয়। (আল ইলালুল মুতানাহিয়াহ : ৩/৫৬১)

    এখানে একটি বিষয় লক্ষণীয় যে,  আলী রা. এর সূত্রে বর্ণিত হাদিসের প্রথম অংশের ভাবার্থ আরও অনেক সহিহ হাদিস  দ্বারা প্রমাণিত। অর্থাৎ, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতের ফজিলত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস  দ্বারা প্রমাণিত। কিন্তু রোজার বিষয়টি শুধুমাত্র আলি রা. এর বর্ণনায় রয়েছে। আর এ হাদিসটি মুনকার।

    ১৫ তারিখ যেহেতু ‘আইয়্যামে বীজ’ এর অন্তর্ভূক্ত, এজন্য কেউ চাইলে সে হিসেবে  সেদিন রোজা রাখতে পারে। যেমনটা বলেছেন আল্লামা ইবনে রজব হাম্বলী রহ.। কিন্তু শবে বরাত উপলক্ষে বিশেষ রোজা প্রমাণিত নয়৷

    হাওর বিলাসের জলযাত্রা

    হাওর বিলাসের জলযাত্রা স্মৃতি হিসাবে ছবিগুলো রাখলাম হাওরের বুকে গাছগাছালি অসাধারণ লাগে নৌকার মধ্যে একটি স্মৃতি  টাঙ্গুয়ার হাওরের সাঁতার কাট...